অনলাইন ডেস্ক:
গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর এলাকায় বনভূমিতে অবৈধভাবে নির্মিত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে ৩ একর সংরক্ষিত বনভূমি, যার বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হক জানান, সম্প্রতি অবৈধ স্থাপনা অপসারণের কার্যক্রম চালানো হচ্ছে। গাজীপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে গত রোববার (২৭ জানুয়ারি) দিনভর পরিচালিত অভিযানে এই উচ্ছেদ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
অভিযান চলাকালে উদ্ধার করা বনভূমিতে অবৈধভাবে নির্মিত দুটি দ্বিতল ভবন, দোকানপাটসহ মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে বন বিভাগের ঢাকা বিভাগের বন কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হক, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, ভাওয়াল রেঞ্জের রেঞ্জার মাসুদ রানা সহ সেনাবাহিনী, পুলিশ ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।











