নিজস্ব প্রতিবেদক:
বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি আজ শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিল এলাকায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে জানিয়েছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির কোনো সুযোগ নাই। এক্ষেত্রে সকলের নজরদারি বাড়াতে হবে।
খন্দকার আব্দুল মুক্তাদি বলেন, আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরি তৈরির করা উচিত।
‘বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ’-উল্লেখ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরো দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন। আর বাদবাকি যে প্লটগুলো আছে সেগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করবো।











