নিজস্ব প্রতিবেদক:
কয়েকদিনের ভ্যাপসা গরম আর তাপপ্রবাহের দাপটের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে গুলশান, বারিধারা, বাংলামোটর, বাড্ডা, মগবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হওয়া বৃষ্টি নগরজীবনে এনে দেয় স্বস্তি, যদিও কোথাও কোথাও সাময়িক ভোগান্তিও তৈরি হয়।
দুপুরের পর থেকেই ঢাকার আকাশে জমতে থাকে কালো মেঘ। একপর্যায়ে বিকেলেই নেমে আসে সন্ধ্যার আবহ। অনেক এলাকায় সড়কে গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। কিছুক্ষণ পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যা দ্রুত ভারী বর্ষণে রূপ নেয়। সঙ্গে ছিল বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত।
টানা কয়েকদিন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকা তাপমাত্রায় হাঁসফাঁস করছিল নগরবাসী। সেই ক্লান্তির মধ্যে বৈশাখের এই বৃষ্টি অনেকের কাছে যেন স্বস্তির বার্তা হয়ে আসে। রাস্তাঘাটে, অলিগলিতে, জানালার ধারে বৃষ্টি উপভোগ করতে দেখা যায় অনেককে।
তবে এই বৃষ্টি শুধু স্বস্তিই দেয়নি, মনে করিয়ে দিয়েছে আবহাওয়ার সতর্কবার্তাও। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, রোববার (২৬ এপ্রিল) দুপুরের পর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কালবৈশাখী, দমকা হাওয়া, বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামী ৯৬ ঘণ্টায় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে জলাবদ্ধতা বা আকস্মিক বন্যার ঝুঁকির কথাও উঠে এসেছে।
বৃষ্টিতে রাজধানীর অনেকেই স্বস্তি পেলেও নগরবাসীর একাংশের মধ্যে জলাবদ্ধতার শঙ্কাও ছিল। কোথাও কোথাও সড়কে পানি জমে ধীরগতির যান চলাচল দেখা যায়। তবু প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি অনেকের কাছে স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে।
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা সাময়িকভাবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা চলমান তাপপ্রবাহের তীব্রতা কিছুটা লাঘব করবে।











