নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহে কালবৈশাখি ঝড় কেড়ে নিলো একই পরিবারের তিন প্রাণ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নয়ানগেরে দাগী এলাকায় বসতবাড়ির উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এমন মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, উপজেলার একই এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫)। তাদের মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফতে আক্তার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রাতে কাল বৈশাখী ঝড়ের সময় একি ঘরে ঘুমিয়ে ছিলো মা ও দুই মেয়ে। ঝড়ে ঘরের পাশে থাকা মেহগনি গাছ ঝড়ের কবলে ঘরের উপর পড়ে গিয়ে চাপা পড়ে। এতে ঘটনা স্থলেই নিহত হয় তারা। রাতে মারা গেলেও সকালে স্থানীয়রা খবর পায় এবং ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতদের স্বজন মনিরুজ্জামান রিপন বলেন, আমার দুই ফুপু আর দাদি ঘরে ঘুমিয়ে ছিল। রাতে ঝড়ে তাদের ঘরের উপর একটি গাছ উপড়ে পড়ে। গাছের চাপা পড়ে ৩ জনই মারা গেছেন। নিহত বৃদ্ধার দুই ছেলে রাজধানীতে কাজ করে।
ইউএনও জিন্নাতুল আরা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাছের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।











