রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাতে দুই দেশের পারমাণবিক সহযোগিতা, প্রযুক্তিগত সহায়তা এবং চলমান বৃহৎ এই বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে রাশিয়ার ধারাবাহিক কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, পারমাণবিক শক্তিকে শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের মাধ্যমে দেশের জ্বালানি সক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে রাশিয়ার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের বাকি কাজ শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নতুন এক মাইলফলকে প্রবেশ করছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রটির প্রথম ইউনিটে শুরু হচ্ছে ফুয়েল লোডিং কার্যক্রম। এই ঐতিহাসিক আয়োজনকে কেন্দ্র করে প্রকল্প এলাকায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন এবং রোসাটম প্রধান অ্যালেক্সি লিখাচেভ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল ম্যারিয়ানো গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত থাকবেন।

 

এই অগ্রগতি বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।