রোহিঙ্গা সংকট বিশ্ব এজেন্ডায় রাখতে জাতিসংঘকে জোরালো ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক অগ্রাধিকার তালিকায় ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৫ মে) রাজধানীর সচিবালয়ে ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা প্রায় অর্ধেক কমে যাওয়ায় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে বড় চাপ তৈরি হয়েছে।

 

ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন বৈঠকে জানান, সীমিত জায়গায় অতিরিক্ত জনসংখ্যার কারণে রোহিঙ্গা শিবিরে জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় টেকসই সমাধান হিসেবে স্বেচ্ছা ও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মত দেন তিনি। বাংলাদেশের পক্ষ থেকেও একই অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ক্যাম্প সম্প্রসারণ আমাদের বাস্তবতায় অত্যন্ত কঠিন, তাই একমাত্র কার্যকর পথ হলো নিরাপদ প্রত্যাবাসন।”

 

বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক মনোযোগ হারিয়ে না ফেলে। তিনি জাতিসংঘ এবং ইউএনএইচসিআরকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

 

বৈঠকে ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে অনুষ্ঠিতব্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। শুরুতে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান, জবাবে মন্ত্রী তাকে স্বাগত জানান।

 

আলোচনায় উপস্থিত কর্মকর্তারা জানান, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অর্থায়ন হ্রাস এবং প্রত্যাবাসন অগ্রগতির ধীরগতি ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই কূটনৈতিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে।