ডিপিএলে ফিরেই শান্তর ঝড়ো সেঞ্চুরি, ৯ উইকেটে জিতল আবাহনী

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ছন্দ সরাসরি নিয়ে এলেন ঢাকা প্রিমিয়ার লিগে। চলতি মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই অপরাজিত সেঞ্চুরি করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর ৭ চার ও ৭ ছক্কায় সাজানো ৯০ বলের ১০৮ রানের ইনিংসে ভর করে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড।

 

শনিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে ডিপিএলের সপ্তম রাউন্ডের এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করে অগ্রণী ব্যাংক। তবে আবাহনীর বোলারদের সামনে দাঁড়াতে পারেননি তারা। ৪২.১ ওভারে মাত্র ১৭৮ রানেই গুটিয়ে যায় দলটি। অগ্রণীর হয়ে কিছুটা লড়াই করেন নাসির হোসেন ও ইমরুল কায়েস। নাসির ৫৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন, ইমরুলের ব্যাট থেকে আসে ৩০ রান। তবে দলটির নিচের সারির কেউ দুই অঙ্ক পেরুতে পারেননি।

 

আবাহনীর পাঁচ বোলার দুটি করে উইকেট ভাগ করে নেন। রোহান উদ দৌলা বর্ষণ, রাকিবুল হাসান, খালেদ আহমেদ, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও মাহফুজুর রহমান রাব্বি প্রত্যেকে দুটি করে উইকেট তুলে নেন। কেবল মেহরাব হোসেন উইকেট পাননি।

 

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার জিসান আলমের উইকেট হারায় আবাহনী। মাত্র ৬ রান করে ফেরেন জিসান। এরপর আর কোনো বিপদ আসেনি। শান্ত ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে গড়েন ১৭১ রানের অবিচ্ছিন্ন জুটি। ৩১.৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে আবাহনী।

 

শান্তর ব্যাটিং ছিল চোখ জুড়ানো। রয়েসয়ে শুরুর পর অষ্টম ওভারে প্রথম ছক্কা মারেন তিনি। পঞ্চাশ পূর্ণ করতে লাগে ৪৯ বল। কিন্তু এরপর গিয়ার পাল্টে দেন। মাত্র ৩১ বলে পরের ৫০ রান তুলে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৮০ বলে। অন্যপ্রান্তে অঙ্কন ৮৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

 

এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে আবাহনী। সাত ম্যাচে পাঁচটি জয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তৃতীয় স্থানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, দুই দলেরই সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে সাত ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে অগ্রণী ব্যাংক।