নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশজুড়ে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা থাকলেও, বিশেষ প্রয়োজনে আজ মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে কিছু ব্যাংকের শাখা চালু রাখা হয়েছে। মূলত তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা নির্বিঘ্নে পরিশোধ এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ খোলা থাকা এই বিশেষ শাখাগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহকেরা লেনদেন করতে পারবেন। তবে অফিসিয়াল আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এর আগে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
সেখানে উল্লেখ করা হয়, সরকারি ছুটির সাথে মিলিয়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। কিন্তু দীর্ঘ ছুটির কারণে যেন পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পেতে কোনো সমস্যা না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্ত হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক—ঢাকা মহানগরী, সাভার, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো পোশাক শিল্পপ্রধান এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকছে।
পাশাপাশি দেশের সব সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে বরাবরের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা সচল রয়েছে। ঈদের দিন বাদে ছুটির বাকি দিনগুলোতেও আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ছুটির দিনে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন, তারা নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে।











