নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহার দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে উপস্থিত হয়ে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। তাঁরা দুজনে মিলে বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
পারিবারিক জিয়ারত শেষে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের সাথে তিনি ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এরপর প্রধানমন্ত্রী রাজধানীর বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এ সময় ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
ভাইয়ের কবর জিয়ারত শেষে বনানীর সামরিক কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি তাঁর শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এ সময় মাহবুব আলী খানের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তাঁর সাথে ছিলেন।
সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি দেশের এই বীর সন্তানদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধায় মোনাজাত করেন।











