উপকূলীয় অঞ্চলের উন্নয়নে রিজওয়ানা হাসানের নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশবান্ধব পর্যটন উন্নয়ন ও উপকূলীয় অঞ্চল সুরক্ষায় সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।’ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে ‘পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটনভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘উপকূলীয় এলাকাগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস এবং স্পেশাল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। পাশাপাশি, কোস্টাল জোন পলিসি আপডেট করাও জরুরি। এজন্য উপকূলীয় এলাকায় কার্যকর জোনিং করতে হবে।’

তিনি আরো বলেন, ‘কৃষি জমি সুরক্ষায় ল্যান্ড জোনিং এবং কৃষি জমি সুরক্ষা আইনের খসড়া তৈরির কাজ চলছে। পাশাপাশি, উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলা, ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ছাড়া বনায়ন কার্যক্রম বৃদ্ধি করতে হবে।’

সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘এই প্রকল্পের প্রস্তাবনাগুলো রিভাইজড আকারে আনতে হবে, যাতে দীর্ঘমেয়াদে এ অঞ্চলের উন্নয়ন নিশ্চিত হয়।’

প্রকল্প পরিচালক শরীফ মোহাম্মদ তারিকুজ্জামান প্রকল্পের প্রস্তাবনা উপস্থাপন করেন। সেমিনারে বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক, অধ্যাপক ড. ইসরাত ইসলাম এবং অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন হাসান তাদের প্রবন্ধ নিয়ে আলোচনা করেন।

সেমিনারে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার (অব.), অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, প্রধান প্রকৌশলী শামিম আখতারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে, সৈয়দা রিজওয়ানা হাসান সেন্টমার্টিন দ্বীপকে প্লাস্টিক দূষণমুক্ত করার লক্ষ্যে প্রস্তাবিত ‘জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যান’ নিয়ে বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালাইন্সের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।