নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে নগরবাসীকে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, বাড়ির আঙিনা, বেজমেন্ট, ছাদ কিংবা আশপাশের যেসব স্থানে স্বচ্ছ পানি বা ময়লা-আবর্জনা জমে থাকে, সেগুলো দ্রুত পরিষ্কার করতে হবে। নাগরিকদের সামান্য সচেতনতাই এডিস মশার প্রজনন অনেকাংশে রোধ করতে পারে।
গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সময় এডিস মশার লার্ভা উৎপাদনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময়ে সবাইকে আরও সচেতন হতে হবে। বাড়িতে পড়ে থাকা রঙের খালি ডিব্বা, ডাবের খোসা, ওয়ানটাইম প্লেট, টায়ার, ফুলের টব কিংবা যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। প্রত্যেককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসতে হবে।
পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার,
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহরিয়ার নজির প্রধান বর্জ্য কর্মকর্তা সোহেল রানা সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











