কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর-বালিনা সড়কটি ১২ বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সাম্প্রতিক বন্যায় সড়কের বিভিন্ন অংশে গর্ত সৃষ্টি হওয়া, এবং কয়েকটি স্থানে সড়ক ভেঙে খাল ও পুকুরে বিলীন হয়ে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দুলালপুর ইউনিয়নের দুলালপুর-বালিনা সড়কটি দেবিদ্বার উপজেলার সংযোগ সড়ক এবং উপজেলা সদরের সঙ্গে দুলালপুর ও শিদলাই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বড় অংশে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়েছে, যা যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ। তবে এবারের বন্যায় সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার না হওয়ায় তা বর্তমানে অবহেলিত হয়ে পড়েছে। সড়কটির পাশে দুটি বড় পুকুর রয়েছে, যার পাড় হিসেবে সড়কটি ব্যবহৃত হচ্ছিল। এবারের বন্যায় সড়ক ভেঙে পুকুরে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলের সমস্যা আরও তীব্র হয়ে উঠেছে। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “এই সড়ক দীর্ঘদিন ধরে নষ্ট ছিল, তবে এবারের বন্যায় পুরো সড়কটি চলে গেছে। যানবাহন চলাচল বন্ধ, আমাদের অনেক পথ হাঁটতে হচ্ছে।”
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আবদুর রহিম বলেন, “সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য, এবং আমরা কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। বর্তমানে সিসিবি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি সংস্কারের জন্য পাঠানো হয়েছে, আশা করি অল্প কিছু দিনের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে।”
এদিকে, সড়কটির সংস্কারের জন্য স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।











