জনবান্ধব বাজেট, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক:

২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জনবান্ধব এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, দীর্ঘ যাচাই-বাছাই ও বাস্তবতা বিবেচনায় রেখেই বাজেটটি প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ৬৩টি পণ্যের শুল্ক কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় সংসদে বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, বাজেট প্রণয়নের সময় জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে এটি বাস্তবসম্মত ও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।

 

নূরুল ইসলাম মনি বলেন, “৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনেক যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে। ৬৩টি পণ্যের শুল্ক কমানো হয়েছে। এই বাজেট জনবান্ধব এবং জনগণের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

 

বাজেট নিয়ে সংসদে বিরোধী দলের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, বাজেট আলোচনায় বিরোধী দলকে ৩১ শতাংশ সময় দেওয়া হয়েছে, যা সংসদীয় চর্চায় একটি ইতিবাচক দৃষ্টান্ত। “সরকারের দেওয়া বাজেটকে বিরোধী দলও গ্রহণ করেছে। তাই এ বাজেট বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন,” বলেন তিনি।

 

সংবাদ সম্মেলনে দেশের উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার প্রসঙ্গও তুলে ধরেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, কৃষকদের প্রয়োজনীয় সেচ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তার ভাষায়, “এটি বাংলাদেশকে বাঁচানোর একটি প্রকল্প।”

 

চিফ হুইপ আরও বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে চায়। জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নকে সামনে রেখে বাজেট বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

 

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট কণ্ঠভোটে পাস হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অনুমোদনের পর বুধবার (১ জুলাই) থেকে এটি কার্যকর হয়েছে।