এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকা দুর্বার রাজশাহীর তারকা ব্যাটসম্যান এনামুল হক বিজয় স্পট ফিক্সিংয়ের অভিযোগে জড়িত থাকার সন্দেহে তদন্তের মুখে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগ এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে।

সূত্রমতে, বিপিএলে স্পট ফিক্সিংয়ের জল্পনা-কল্পনার মধ্যে বিসিবির দুর্নীতি দমন বিভাগ তদন্ত শুরু করেছে। এনামুল হক বিজয়সহ কয়েকজন ক্রিকেটারের নাম সন্দেহের তালিকায় উঠে এসেছে। তবে এখনও অভিযোগ প্রমাণিত না হলেও তদন্ত চলাকালীন সময়ে সতর্কতা হিসেবে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিসিবির দুর্নীতি দমন বিভাগের এক কর্মকর্তা জানান, এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী, বিজয়কে দেশ ছাড়তে না দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, “এটি একটি আপৎকালীন সিদ্ধান্ত। তদন্ত শেষে যদি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।”

এনামুল হক বিজয় একা নন, তার সতীর্থ আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। রাজশাহী দল ছাড়াও বিপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির সদস্যদের ওপর কড়া নজরদারি চলছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্রিকেটারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

এদিকে, বিপিএলে এনামুল হক বিজয় ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স করছেন। তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন। তবে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এবং তদন্তের কারণে তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, তদন্ত দ্রুত শেষ করে সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা চলছে। ক্রিকেটপ্রেমীদের আশা, এই কেলেঙ্কারি দ্রুত সমাধান হবে এবং বিপিএলের সুনাম অক্ষুণ্ন থাকবে।