নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ছয়টি ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন আপাতত নিষ্পত্তি করা হবে না। তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই চলবে।
নতুন নির্দেশনায় এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির দায়িত্বও পুনর্বিন্যাস করা হয়েছে। ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। ‘ক’ ক্যাটাগরির দায়িত্ব থাকবে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার ওপর। ‘খ-১’ ক্যাটাগরি দেখবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘খ’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়া ‘গ-১’ ক্যাটাগরির দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এবং ‘গ’ ক্যাটাগরির দায়িত্ব পালন করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
অফিস আদেশে আরও বলা হয়েছে, যেসব এনআইডি সংশোধনের আবেদন অনলাইনে জমা দেওয়া সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি অতিরিক্ত সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ছয়টি দপ্তরে পাঠানো হয়েছে। তবে সাময়িকভাবে স্থগিত রাখা ছয়টি ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির কার্যক্রম কবে আবার শুরু হবে, সে বিষয়ে পরে পৃথক নির্দেশনা দেওয়া হবে।











