ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

বগুড়ায় ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রকাশিত: 9 July 2026, 2:44 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে জানিয়েছেন, “বগুড়ায় তুরস্কের সহায়তায় ড্রোন নির্মাণ কারখানা গড়ে তোলা হবে। বগুড়া বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য নতুন কেনা অত্যাধুনিক যুদ্ধবিমান বগুড়া বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে।”

মীর শাহে আলম বগুড়ার উন্নয়ন নিয়ে বলেন, “বগুড়া দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল। সেই বঞ্চনা কাটাতে বগুড়ার উন্নয়নে স্থানীয় এমপি হিসেবে আমরা দৌড়াদৌড়ি করেছি মাত্র। বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করলে কি দোষ হবে? বগুড়ার উন্নয়ন চাওয়া কি দোষ? এলাকার উন্নয়নের ব্যাপারে আমার একটা পাগলামো আছে। এলাকায় নিজ নামে স্কুল-কলেজ কোথাও নিজের অর্থে কোথাও নিজের জমিতে করেছি। বিএনপির রাজনীতি করার কারণে অতীতে এসব স্কুল কলেজ এমপিওভুক্ত করা হয়নি।”

নিজের রাজনৈতিক জীবন নিয়ে তিনি বলেন, আমার জীবনে যত নির্বাচনে অংশ নিয়েছি। আজ পর্যন্ত কোনো নির্বাচনে পরাজিত হইনি। পারিবারিক ভাবে আমরা ব্যবসায়ী। আমি একজন সফল উদ্যোক্তা।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সাধারণ মানুষের দাবি ছিল মোকাতলা উপজেলা হোক। প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই এটা করেছি। ইউনিয়নের নামকরণ নিয়ে অনেক কথা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

সমালোচনা হবে ভেবে আমার সন্তানকে বলার পর সে ক্রিকেট বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। এসব নিয়ে গণমাধ্যমগুলো হাইলাইট করে না, বলেন মীর শাহে আলম।

নিজের সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে তিনি বলেন, আমার নির্বাচনী হলফনামায় সব সম্পদ, তথ্য দিয়েছি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই পাবেন। অথচ সেসব গোপন করে বলা হলো প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদ আটগুণ বেড়েছে। এসব সংবাদ দেখলে খারাপ লাগবে। এসব সংবাদ করে হেয় প্রতিপন্ন করার আগে যাচাই-বাছাই করে নেয়ার অনুরোধ করছি।

‘আমার কথার খণ্ডিত অংশ প্রচার করবেন না। বরং পুরো বক্তব্য তুলে ধরুন। আমার সমালোচনা করায় কিন্তু আমি চিন্তিত না। বরং সমালোচনায় আমাকে দেশবাসীর কাছে পরিচিত করেছে। ভালোমন্দ বিচার জনগণ করবে’-যোগ করেন তিনি।

মন্তব্য করুন