নিজস্ব প্রতিবেদক:
দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের অর্থায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে যোগ্য উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এই অর্থায়নের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না এবং পুরো প্রক্রিয়া পরিচালনা করবে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেন। তিনি বলেন, সরকারি অর্থের শতভাগ জবাবদিহি নিশ্চিত করেই এই তহবিল পরিচালিত হবে। কোনো মন্ত্রী বা উপদেষ্টার মাধ্যমে নয়, বরং একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটি উদ্যোক্তাদের প্রকল্পের সম্ভাবনা যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।
আলোচনা পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন ঋণ নিয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন, অর্থায়নের ক্ষেত্রে জামানত নয়, প্রকল্পের সম্ভাবনাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য পথটা সহজ নয়। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে অবশ্যই সফল হওয়া সম্ভব।”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, জীবনে নানা প্রতিকূলতা, মানসিক ও শারীরিক নির্যাতন এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে আসতে হয়েছে। নতুন উদ্যোক্তাদেরও ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সরকার উদ্যোক্তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা আছি আপনাদের সঙ্গে। আপনাদের সহযোগিতা করার জন্য, পথ দেখানোর জন্য এবং পাশে দাঁড়ানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
সংশ্লিষ্টরা জানান, নতুন চালু হওয়া জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মটি হবে একটি সমন্বিত ডিজিটাল সেবা কেন্দ্র। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, অর্থায়নের আবেদন, প্রশিক্ষণ, মেন্টরিং এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাবেন।
অনুষ্ঠানে ছয়টি নির্বাচিত স্টার্টআপের হাতে অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











