নিজস্ব প্রতিবেদক:
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বললেন, “চট্টগ্রামের বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত এসব মানুষের পুনর্বাসনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।”
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে ইতিমধ্যেই প্রায় এক লাখ মানুষের মাঝে সফলভাবে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।
‘বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকারিভাবে চাল, রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসনের কাজও সমান্তরালভাবে শুরু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের সম্পূর্ণ পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের এই মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে’-উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সড়ক যোগাযোগের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামত করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু কিছু স্থানে মেরামতের কাজ শুরুও হয়ে গেছে।
পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষ করে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা হন।











