বিপিএলে আচরণবিধি ভঙ্গ, দুই ম্যাচের জন্য নিষিদ্ধ তানজিম হাসান সাকিব

অনলাইন ডেস্ক:

সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিবকে বিপিএলে আচরণবিধি ভঙ্গের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয়বারের মতো শাস্তির মুখে পড়েছেন সাকিব, যার মধ্যে রয়েছে ৪টি ডিমেরিট পয়েন্ট এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুটি ম্যাচে নিষেধাজ্ঞা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার কোনো বাধা নেই এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে জায়গা নিশ্চিত হয়েছে।

সাকিবের শাস্তির ঘটনা ঘটেছে গত বিপিএল ম্যাচে চিটাগং কিংসের ইনিংস চলাকালে। তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্কের উইকেট শিকারের পর সাকিবকে তার উদ্দেশে কিছু বলতে দেখা যায়, যা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে। এর আগে সাকিব বিপিএলে একই ধরনের আচরণ নিয়ে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন, যখন তিনি খুলনার পাকিস্তানি পেসার মোহাম্মদ নাওয়াজকে আউট করার পর তার সঙ্গে কাঁধে ধাক্কা দিয়েছিলেন।

২৪ মাসে চার ডিমেরিট পয়েন্ট পাওয়ার শাস্তি হিসেবে সাকিবকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে প্রযোজ্য এবং তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার ওপর কোনো প্রভাব পড়বে না।

বিপিএল থেকে সিলেট স্ট্রাইকার্স গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে, তাই সাকিবের নিষেধাজ্ঞা ডিপিএল খেলায় প্রভাব ফেলবে। আসন্ন ডিপিএলে সাকিবকে প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ নেই।