প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এখন রাশেদ খাঁন, পেলেন সচিব পদমর্যাদা

নিজস্ব প্রতিবেদক:

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

 

গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, মো. রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

 

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

রাশেদ খাঁন একসময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দলটির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। পরে ঝিনাইদহ থেকে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিলেও বিজয়ী হতে পারেননি।

 

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাসের মাথায় তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপিতে যোগদানের পর স্বল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ পাওয়ায় দলের অভ্যন্তরে রাশেদ খানের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হলো।

 

নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।