শীতের পোশাকের বাজার জমে উঠেছে লালমনিরহাটে

অগ্রহায়ণের শেষ দিকে এসে শীতের প্রকোপ বেড়েছে লালমনিরহাট জেলার কালীগঞ্জে। শীতের পোশাকের জন্য তুষভাণ্ডার হকার্স মার্কেটসহ ফুটপাতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। বিশেষত স্বল্প আয়ের মানুষরা শীতবস্ত্র কিনতে বাজারে আসছেন।

ফুটপাতে বিক্রেতারা বিভিন্ন ধরনের শীতের পোশাক বিক্রি করছেন। এসব দোকানে বয়স্কদের সোয়েটার, কোট, ব্লেজার, মাফলার, ছোটদের পোশাক, কম্বলসহ নানা ধরনের শীতবস্ত্র পাওয়া যাচ্ছে। বিকেল হতে না হতেই তুষভাণ্ডার শহরের ফুটপাতে ক্রেতাদের ভিড় বাড়ে।

তুষভাণ্ডার হকার্স মার্কেটের ফুটপাতে সোয়েটার, জ্যাকেট, মাফলার, গরম টুপি এবং কম্বল সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। মেয়েদের সোয়েটারের দাম ২০০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৫০০ টাকা, ছোটদের পোশাক ৫০ থেকে ৪০০ টাকা, মাফলার ৪০ থেকে ১৫০ টাকা এবং গরম টুপি ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

তুষভাণ্ডার বাজারের ভাসমান দোকানি আফজাল হোসেন জানান, কিছুদিন আগে শীতের পোশাক বিক্রি কম ছিল, তবে গত দুদিনে শীত বাড়ায় ক্রেতাদের ভিড় বেড়েছে। আরেক দোকানি সবুজ আহমেদ জানান, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের শীতের পোশাক।

ফুটপাতে শীতের পোশাক কিনতে আসা গৃহিণী মরিয়ম আক্তার বলেন, “শীত সন্ধ্যার পর থেকে বেড়ে যাচ্ছে, তাই বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনছি, তবে দাম কিছুটা বেশি মনে হচ্ছে।”

এদিকে, রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ডিসেম্বরের শেষে শীত আরও বাড়তে পারে এবং তাপমাত্রা আরও কমে যেতে পারে।