ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

হুথিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে না ট্রাম্প

প্রকাশিত: 13 September 2026, 2:19 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিরা তাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র যেন তাদের অভিযানে কোনো হস্তক্ষেপ না করে।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হুথিদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা চায় আমরা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেই।”

হুথিদের এই অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে করে হরমুজকে বাইপাস করে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহে সৌদির একমাত্র পথটি আপাতত বন্ধ হয়ে গেছে।

ট্রাম্পকে সৌদির তেল পাইপলাইনে হামলার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইরান এ হামলার পেছনে জড়িত থাকতে পারে।

সৌদি আরবের একটি সূত্র জানিয়েছে, তাদের পাইপলাইনে হামলা হয়েছে ইরাক থেকে। এ ঘটনার পর ইরাক তাদের এক সামরিক কমান্ডারকে বরখাস্ত ও হামলার তদন্ত করার আশ্বাস দিয়েছে। পরবর্তীতে দেশটি তাদের ইরান সীমান্তবর্তী প্রদেশে একটি ড্রোন লঞ্চার খুঁজে পায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মোখা দখল করতে গত সপ্তাহে অভিযান শুরু করে হুথি বিদ্রোহীরা। এরমধ্যে শুক্রবার সেখানে পৌঁছে যায় তাদের যোদ্ধারা। ওই সময় সেখানে থাকা সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সেনারা সরে যান।

মন্তব্য করুন