তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলায় ক্যাপ্টেন নিহত

অনলাইন ডেস্ক:

কৃষ্ণসাগরে তানজানিয়ার পতাকাবাহী একটি বেসামরিক জাহাজে রাশিয়া হামলা চালিয়েছে। এতে জাহাজটির ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে ইউক্রেন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার মধ্যে রাশিয়া হামলা আরও জোরদার করেছে।

সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলমান হামলায় রাশিয়া কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দর ও জাহাজে হামলা চালিয়ে আসছে। এতে দেশটির নৌপথে পণ্য পরিবহন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইউক্রেনের অর্থনীতিও আরও সংকটে পড়েছে।

 

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘তানজানিয়ার পতাকাবাহী একটি জাহাজ ইউক্রেনের একটি বন্দরের দিকে যাওয়ার পথে রুশ ড্রোনের হামলার শিকার হয়েছে।’

 

কর্তৃপক্ষ আরও জানায়, ‘হামলায় জাহাজটির ক্যাপ্টেন নিহত এবং আরও তিন নাবিক আহত হয়েছেন।’

 

তবে ক্যাপ্টেনের জাতীয়তা সম্পর্কে কিছু জানানো হয়নি।

 

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে রাশিয়ার হামলা ও আক্রমণ বেড়েছে। দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চলকে নিয়মিত লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে ওই এলাকায় বেসামরিক ও পণ্যবাহী নৌযান চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।

 

ইউক্রেন বাণিজ্যের জন্য তার বন্দরগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে সমুদ্রপথে সাধারণত যেসব পণ্য পরিবহন করা হতো, সেগুলোর কিছু এখন স্থলপথে পাঠাতে হচ্ছে।

 

কিয়েভও সমুদ্রে হামলা বাড়িয়েছে। বিশেষ করে আজভ সাগরকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

 

জাতিসংঘ সতর্ক করে বলেছে, হামলা তীব্রতর হওয়ায় যুদ্ধে বেসামরিক মানুষের মৃত্যু উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংঘাত অবসানের প্রচেষ্টা অচলাবস্থায় থাকায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।