অনলাইন ডেস্ক:
রাশিয়া রাতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে রাজধানী কিয়েভে ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার ধারাবাহিক হামলা আরও তীব্র হওয়ার মধ্যে সর্বশেষ এই হামলা হলো।
দিন ও রাতে কিয়েভে রুশ হামলা বেড়েছে। গোলাবারুদের ঘাটতির কারণে শহরটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এএফপি’র সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার ভোরে কিয়েভে প্রায় এক ডজন শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইউক্রেনের রাজধানীর কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানায়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো সকালে বলেন, ‘কিয়েভে এরই মধ্যে ১৮ জন আহত হয়েছেন। শত্রুপক্ষ রাজধানীতে হামলা চালিয়ে যাচ্ছে।’
রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেন বারবার আরও সহায়তা চেয়ে আসছে। এ যুদ্ধ এখন পঞ্চম বছরে পড়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন। এসব নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে মস্কো ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ট্যাংকারগুলো রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার রাতে মার্কিন প্রতিনিধি পরিষদ আইনটি পাস করায় বিষয়টি ‘প্রতীকী’ হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘আবারও বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। আটটি অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।’
হামলায় দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চলে সাতজন এবং জাপোরিঝঝিয়া অঞ্চলে তিনজন আহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া হামলা আরও বাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ২০২৬ সালে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।











