জাবির নতুন ভিসি হলেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাবির ১৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. নূরুল ইসলাম।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

 

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

 

এর আগে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ১৮তম উপাচার্য হিসেবে সাময়িক নিয়োগ পেয়েছিলেন দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

 

প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি প্রদানপূর্বক নিজ বিভাগে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মোট ৫টি সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করা হয়েছে।

 

এর মধ্যে রয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ, এর মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন।

 

এ ছাড়া তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসেই অবস্থান করতে হবে।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।