অনলাইন ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন অনুশীলনে হাতে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মঙ্গলবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেট সেশনে ব্যাটিং করার সময় এই আঘাত পান তিনি। তাৎক্ষণিকভাবে মাঠেই তার হাতে বরফ দেওয়া হয় এবং এরপর আর অনুশীলন চালিয়ে না গিয়ে মাঠ ছাড়েন এই টাইগার ব্যাটার। তবে তার এই চোট কতটা গুরুতর, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছে পুরো বাংলাদেশ দল। আগামীকাল বুধবার একই মাঠে গড়াবে সিরিজের এই প্রথম টেস্ট ম্যাচটি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সিরিজের ঠিক আগে দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার মুশফিকের এমন ইনজুরি বাংলাদেশ দলের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।











