নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার কারাবন্দি ওয়াকিল হোসেন প্রকাশ বিহারি বগা এবং তার তিন সহযোগীকে একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মামলার তদন্ত কর্মকর্তা মোট ১২ জনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। পরে আদালত শুনানি শেষে বগাসহ চার জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, বগা ছাড়াও রিমান্ডপ্রাপ্ত অন্য আসামিরা হচ্ছেন তার ভাই রকি হোসেন পিচ্ছি, কালা হাসান ও মনির হোসেন ইমন।
ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে বগার অনুসারী সেভেন স্টার ও ফাইভ স্টার নামের দুটি কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে হৃদয় নামের এক কিশোর গ্যাং সদস্য নিহত হয়। পুলিশ ওই মামলার আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তাদের স্বীকারোক্তিতে বগার নাম আসে। পরবর্তীতে পুলিশের আবেদন মঞ্জুর করে হৃদয় হত্যার মাস্টারমাইন্ড হিসেবে বগাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
এর ধারাবাহিকতায় গত গত ৬ অক্টোবর সন্ত্রাসী বগা ও তার ৩৬ অনুসারীর বিরুদ্ধে প্লট দখল, অবৈধ চাঁদাবাজি, মারধর ও অপহরণের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ১১ ফেব্রুয়ারি ও ২৫ এপ্রিলসহ বাদীর সঙ্গে ঘটে যাওয়া পাঁচটি পৃথক ঘটনার সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে। সেই মামলায় আদালত তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত গত ৮ অক্টোবর বগা নগর ভবনে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সিএমপির উপকমিশনার উত্তরের নেতৃত্বে পুলিশ অভিযানে গেলে মেয়র ডা. শাহাদাতের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এর আগে বিহারি সন্ত্রাসী বগা গত ১৭ অক্টোবর একটি চাঁদাবাজি মামলায় জামিন পাওয়ার জন্য আদালতে আত্মসমর্পণ করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। ৫ আগস্টের আগে তার বিরুদ্ধে ১৮টি মামলা ছিল। পরবর্তীতে পাহাড়তলী কলেজের শিক্ষক নির্যাতন, ডিসি পরিবহন পুলের প্লটসহ ১২টি প্লট দখল, পুলিশের গাড়িতে হামলা এবং চাঁদাবাজির অপরাধে আরও ৫টি নতুন মামলা রুজু হয়। গত ১৭ অক্টোবর থেকে বগা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে।











