মাত্র ১৪ বলে ফিফটি! টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার প্রেমা রাওয়াত

অনলাইন ডেস্ক:

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের স্পিন অলরাউন্ডার প্রেমা রাওয়াত। মাত্র ১৪ বলে অর্ধশতরান করে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্ব রেকর্ড নিজের নামে করলেন উত্তরাখণ্ডের এই ক্রিকেটার।

গত সোমবার পুনের গাহুঞ্জের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে সিনিয়র উইমেন’স টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে এই দুর্দান্ত কীর্তি গড়েন ২৪ বছর বয়সী প্রেমা।

ব্যাট হাতে উইকেটে নেমে কার্যত ঝড় তোলেন তিনি। মাত্র ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন প্রেমা। তার এই বিধ্বংসী ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ছিল ৩৫৭.১৪।

মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে আগের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যৌথভাবে তিন জনের—২০২২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে ম্যারি কেলি, ২০২৬ সালে পাকিস্তানের জার্সিতে ফাতিমা সানা এবং ২০২৫ সালে ওটাগো ও ২০২৬ সালে সারের হয়ে লরা হ্যারিস। তাদের তিন জনের প্রত্যেকেই ফিফটি করতে খেলেছিলেন ১৫ বল।

প্রেমার এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে বিশাল রান সংগ্রহ করে উত্তরাখণ্ড, তাদের স্কোর দাঁড়ায় ১৮৭ রান। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭২ রান করেন রাঘবি বিস্ত। ইনিংসের ওপেনিং জুটিতে রাঘবি ও করিনা মিলে যোগ করেন ৭২ রান। ব্যক্তিগত ১৯ রান করে করিনা আউট হওয়ার পর রাঘবি ও নীলম ভরদ্বাজ দ্বিতীয় উইকেটে আরো ৫৭ রান দলের খাতায় যোগ করেন। আর ইনিংসের শেষ দিকে প্রেমার ঝোড়ো ব্যাটিং ঝড়ে বড় স্কোরে পৌঁছে যায় উত্তরাখণ্ড দল।

পাহাড়সম ১৮৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চরম চাপে পড়ে যায় হায়দরাবাদ। উত্তরাখণ্ডের নিঁখুত বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে ৮৯ রানের বিশাল ও সহজ জয় তুলে নেয় উত্তরাখণ্ড।

এই ম্যাচে শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও দারুণ চমক দেখিয়েছেন প্রেমা রাওয়াত। নিজের কোটার চার ওভার বল করে মাত্র ১২ রান খরচ করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। হায়দরাবাদের গুগুলোথু কাব্যশ্রী ও নল্লা ক্রান্তি রেড্ডিকে আউট করেন ভারতীয় দলের এই প্রতিভাবান লেগস্পিনার। চমৎকার এই পারফরম্যান্সের সুবাদে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই।