আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে বড় পর্দায় দেখা মিলবে জনি ডেপের?

অনলাইন ডেস্ক:

হলিউড তারকা জনি ডেপ জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে আবারও বড় পর্দায় ফেরার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন। তবে তিনি সরাসরি ফেরার কোনো ঘোষণা দেননি, বরং জানিয়েছেন যে প্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি আরও সুন্দর ও স্মরণীয় করার সুযোগ থাকলেই কেবল তিনি এর সঙ্গে যুক্ত হতে চান।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন জনি ডেপ। তিনি স্পষ্ট করেন যে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির একটি সুন্দর সমাপ্তি নিশ্চিত করাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

অভিনেতার ভাষায়, ‘আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাই, আর তা হলো তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।’

তবে ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজ করার বিষয়ে বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ডেপ। তাকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে এই অভিনেতা জানান, জেরি ডাকলে আগামীকালই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন তিনি এবং কাজটি কী, সেটি তার কাছে কোনো বড় বিষয় নয়। জেরির প্রতি তার গভীর আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরি ব্রুকহাইমার জানিয়েছিলেন যে, নতুন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা নিয়ে জনি ডেপের সঙ্গে তার কথা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনেতা আবারও ফিরতে পারেন বলে সে সময় জানিয়েছিলেন এই প্রযোজক এবং উল্লেখ করেছিলেন যে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে এবং নির্মাতারা উপযুক্ত গল্প খুঁজছেন।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমেই মূলত ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে যাত্রা শুরু করেছিলেন জনি ডেপ। পরবর্তীতে ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি এবং বিশ্বজুড়ে সিনেমাগুলো প্রায় ৪৫০ কোটি ডলার আয় করে। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এককভাবেই এক বিলিয়ন ডলারের বেশি আয় করতে সক্ষম হয়।

তবে পরবর্তীতে ব্যক্তিগত জীবন ও আইনি জটিলতার কারণে এই ফ্র্যাঞ্চাইজিতে ডেপের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে। ২০২০ সালে ‘দ্য সান’ পত্রিকার বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে যাওয়ার পর ‘ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’ সিনেমা থেকে তাকে সরে দাঁড়াতে হয় এবং তার জায়গায় গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রে অভিনয় করেন ম্যাডস মিকেলসেন। এছাড়া ২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলাও তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে, যে মামলায় জুরি বোর্ডের রায় ডেপের পক্ষে গেলেও উভয় পক্ষের বিরুদ্ধে মানহানির অভিযোগের বিষয়টি সামনে আসে।

এদিকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ নির্মাণের পরিকল্পনা বেশ কয়েক বছর ধরেই চলে আসছে। ২০২০ সালে ডিজনি ফ্র্যাঞ্চাইজিটির নতুন দুটি সিনেমা নিয়ে প্রাথমিক কাজ শুরু করে, যার একটি ছিল মার্গট রবিকে নিয়ে নতুন গল্প এবং অন্যটি মূল ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি। তবে নারীপ্রধান গল্পের মার্গট রবি অভিনীত প্রকল্পটি শেষ পর্যন্ত আর সামনে এগোয়নি।

২০২৪ সালে প্রযোজক জেরি ব্রুকহাইমার জানিয়েছিলেন যে, চিত্রনাট্যকার জেফ নাথানসন ষষ্ঠ সিনেমার চিত্রনাট্য ইতিমধ্যে তৈরি করেছেন এবং বিশেষ করে গল্পের শেষ অংশটি তার দারুণ পছন্দ হয়েছে। বাকি অংশের কাজ শেষ করে দ্রুত সিনেমাটি নির্মাণের দিকে এগোতে চান তারা এবং সে সময় ব্রুকহাইমার আরও জানান যে তার সিদ্ধান্ত হলে নতুন সিনেমায় জনি ডেপকেই রাখতে চান, কারণ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটি ডেপের অভিনয়শৈলী ও সৃজনশীলতার মাধ্যমেই অনন্য হয়ে উঠেছে।

অন্যদিকে নতুন সিনেমা ‘এবেনিজার’-এর মাধ্যমে হলিউডে প্রত্যাবর্তনের পথে রয়েছেন জনি ডেপ। পাশাপাশি ২০২৮ সালে মুক্তির অপেক্ষায় থাকা লায়ন্সগেটের থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’-এও তাকে দেখা যাবে। সব মিলিয়ে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে ডেপের প্রত্যাবর্তনের এই সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন করে আশায় বুক বাঁধছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তরা।