সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ থেকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা, জানুন আবেদনের নিয়ম
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনায় নিহত বা চালকসহ যেকোনো আহত ব্যক্তি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত শনিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিআরটিএ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই আর্থিক সহায়তা পেতে হলে দুর্ঘটনা ঘটার সুনির্দিষ্ট ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন জমা দিতে হবে। এছাড়া অনলাইনে বিএসপি’র মাধ্যমেও আবেদন করার সুযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, নির্ধারিত ৯০ দিন অতিক্রান্ত হওয়ার পর আর কোনোভাবেই আবেদন করার সুযোগ থাকবে না।
আর্থিক সহায়তার সুনির্দিষ্ট পরিমাণ তুলে ধরে বিআরটিএ জানিয়েছে, দুর্ঘটনায় কারো মৃত্যু হলে তার পরিবার পাবে অন্যূন ৫ লাখ টাকা। এছাড়া অঙ্গহানির শিকার হলে অন্যূন ৩ লাখ টাকা, গুরুতর আহত হয়ে চিরতরে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ টাকা এবং আহত ব্যক্তি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে তাকে দেওয়া হবে অন্যূন ১ লাখ টাকা। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত এই সহায়তার অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়।
