ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে ব্যান্ডপ্রেমীদের উপচে পড়া ভিড়

প্রকাশিত: 7 November 2026, 9:09 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ৭ নভেম্বর রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ পরিণত হয়েছে ব্যান্ড সংগীতপ্রেমীদের এক বিশাল মিলনমেলায়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এই সংগীত আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

কনসার্টস্থলে সকাল থেকেই দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেলেও দুপুরের পর থেকে লোকসমাগম আরও বাড়তে থাকে। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে দলবেঁধে, আবার কেউ হাজির হয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রিয় ব্যান্ডের গান উপভোগ করতে। পরিচিত সব সুরের মূর্ছনায় একটি দারুণ আনন্দঘন সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন উপস্থিত শ্রোতারা। এদিকে, বিএনপির র‌্যালি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো কনসার্টস্থল এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়। তরুণ প্রজন্মের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষকেও কনসার্ট চত্বরে অধীর আগ্রহ নিয়ে বসে থাকতে দেখা গেছে।

এই জমজমাট কনসার্টে গান পরিবেশন করছে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড দল। এর মধ্যে রয়েছে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন এবং মেকানিক্স। বিকেল ৪টায় শুরু হওয়া এই সংগীতের আসরটি চলবে প্রায় সাত ঘণ্টা ধরে। সাধারণ দর্শকদের জন্য এই আয়োজনের প্রবেশ সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে।

কনসার্ট প্রাঙ্গণে উপস্থিত একাধিক তরুণের সঙ্গে আলাপকালে ঢাকার মোহাম্মদপুর থেকে আসা দর্শক মিফতাহুল জান্নাত বলেন, একই মঞ্চে দেশের এতগুলো জনপ্রিয় ব্যান্ডের গান সরাসরি শোনার সুযোগ পাওয়া সত্যিই ভীষণ আনন্দের ব্যাপার। বিশেষ করে জেমস ও মাইলসের গান সরাসরি শোনার অপেক্ষায় আছি। বন্ধুদের সঙ্গে এখানে এসে দারুণ সময় কাটছে।

নিজের অনুভূতির কথা জানিয়ে মাহি সিয়াম নামের আরেক তরুণ বলেন, বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রতি তরুণ সমাজের আকর্ষণ সবসময়ই একটু বেশি থাকে। এই ধরনের চমৎকার আয়োজন আমাদের নতুন প্রজন্মকে দেশীয় ব্যান্ড সংগীতের সঙ্গে আরও বেশি পরিচিত করে তুলবে। প্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা সরাসরি উপভোগ করতে পারার এই আনন্দটাই সম্পূর্ণ আলাদা ও রোমাঞ্চকর।

সার্বিকভাবে কনসার্ট দেখতে আসা সাধারণ দর্শকদের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে জেমস, মাইলস এবং ওয়ারফেজের পরিবেশনা সরাসরি উপভোগ করার জন্য মুখিয়ে আছেন বহু দর্শক।

কনসার্টে অংশ নেওয়া আরেক দর্শক মহিয়া জানান, ওয়ারফেজ ও আর্টসেলের গান তার ভীষণ পছন্দ। তার মতে, তরুণদের জন্য এ ধরনের উন্মুক্ত ও জমকালো সংগীতের আয়োজন আরও বেশি করা প্রয়োজন।

এদিকে, এই কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানস্থলজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

মন্তব্য করুন