ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

খুলনায় দিনেদুপুরে ডায়াগনস্টিক সেন্টারে হাতুড়ি-কুড়াল নিয়ে হামলা ও ভাঙচুর

প্রকাশিত: 7 November 2026, 9:16 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

খুলনা মহানগরীর খানজাহান আলী সড়কে অবস্থিত ‘নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন’ সেন্টারে দিনেদুপুরে একদল দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হাতুড়ি ও চাইনিজ কুড়াল নিয়ে ৫/৬ জন যুবক প্রতিষ্ঠানটিতে অতর্কিত হামলা চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশের পরপরই হাতুড়ি ও চাইনিজ কুড়াল দিয়ে আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম ভাঙচুর শুরু করে। এ সময় দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), একটি টেলিভিশন, সামনের দরজার কাচ এবং অভ্যর্থনা কাউন্টার তছনছ করা হয়।

হামলার সময় দুর্বৃত্তরা ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন জানান, প্রায় এক মাস আগে টুটপাড়ার নুর আজিম বাহিনীর পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেছিলেন। ফোনে নুর আজিমের কথা জানতে চাইলে তিনি তাকে চেনেন না বলে জানান, যার জেরে কলটি কেটে দেওয়া হয়। ওই ঘটনার এক মাস পর এই হামলার ঘটনা ঘটল।

সেবা নিতে আসা এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারী ৫/৬ জনের প্রত্যেকের হাতেই হাতুড়ি ও চাইনিজ কুড়াল ছিল, যা উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর রাতে মহানগরীর বাবুখান রোডে ‘সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে’ ভাঙচুর ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এর পরদিন ২৫ অক্টোবর সোনাডাঙ্গায় ‘সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের’ দ্বিতীয় শাখায় গিয়ে একদল দুর্বৃত্ত কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্রের মুখে ভয়ভীতি দেখায়। এছাড়া গত ৪ নভেম্বর সামসুর রহমান রোডে ‘আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে’ হামলার ঘটনা ঘটেছিল।

মন্তব্য করুন