বায়ুদূষণ: আতশবাজি ফোটানো ব্যক্তিদের জেলে পাঠানোর দাবি উরফি জাভেদের
অনলাইন ডেস্ক:
দিওয়ালির উৎসব শেষ হতে না হতেই ভারতের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে আতশবাজি ফোটানো ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়েলিটি শো তারকা ও কনটেন্ট ক্রিয়েটর উরফি জাভেদ।
যারা আতশবাজি ফোтаচ্ছেন, তাদের জেলে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে উরফি লেখেন, ‘যারা আতশবাজি ফোটাচ্ছে, তাদের সবাইকে জেলে পাঠানো উচিত! ব্যস, আর কোনও কথা নয়! কী অবস্থা করে রেখেছে এই অশিক্ষিত লোকগুলো!’
উরফির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার সকালে মুম্বাইয়ের সামগ্রিক বায়ুমান সূচক ছিল ১৭১, যা ‘মাঝারি’ পর্যায়ের দূষণ নির্দেশ করে। অন্যদিকে, দিল্লির সামগ্রিক একিউআই ছিল ‘খুব খারাপ’ পর্যায়ে। শহরটির বেশ কয়েকটি পর্যবেক্ষণকেন্দ্রে একিউআই ৪০০ ছাড়িয়ে যায়, যা ‘সিভিয়ার’ বা ভয়াবহ দূষণের পর্যায়ে পড়ে।
দিওয়ালির আগে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) এলাকায় সুপ্রিম কোর্ট নির্দিষ্ট দুই দিন সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিবেশবান্ধব আতশবাজি ফোটানোর অনুমতি দিয়েছিল।
তবে অভিযোগ, নির্ধারিত সময়সীমা পেরিয়ে মধ্যরাতের পরও আতশবাজি ফোটানো হয়েছে। অথচ ওই সময়ের পর সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।
কাজের ক্ষেত্রে সম্প্রতি ‘লক আপ’ রিয়েলিটি শোর প্রিমিয়ার পর্বে দেখা গেছে উরফিকে। সেখানে যোগেশ রাওয়াত ও আকাঙ্ক্ষা চৌধুরীর ‘স্প্লিটসভিলা’ প্রেমের গল্প নিয়ে কথা বলেন তিনি।
এর আগে সানি লিওনি, করণ কুন্দ্রা ও নিয়া শর্মার সঙ্গে ‘স্প্লিটসভিলা সিজন ৬’ (Splitsvilla X6) রিয়েলিটি শো উপস্থাপনা করেছেন উরফি। সেখানে তিনি ‘মিসচিফ মেকার’ হিসেবে দায়িত্ব পালন করেন।
