ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সংসদে একটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো: আইনমন্ত্রী

প্রকাশিত: 9 November 2026, 8:52 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপন করার পর সেগুলোকে কোনো সংসদীয় কমিটিতে না পাঠানোর বিষয়ে প্রশ্ন তুলেছেন পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান। এর জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে সংসদে এলে তা আরও ভালো হতো।

গত সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এই ঘটনা ঘটে। সেই সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনের একেবারে শুরুতে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৭), ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৮) এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৯) সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ সময় বক্তব্য দেওয়ার জন্য ফ্লোর চান ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি বলেন, অধ্যাদেশগুলো উত্থাপনের জন্য ধন্যবাদ জানালেও সেগুলো কোনো কমিটিতে পাঠানো হয়নি। এই অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর আগে ঈদের আগে অধ্যাদেশ উত্থাপনের পর সময়ের স্বল্পতার কথা বলে ঈদের পরে দুই-তিন দিনের মধ্যে বিলগুলো পাস করা হয়েছিল।

তার এই বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার জানান যে, অধ্যাদেশগুলো যখন বিল আকারে সংসদে উত্থাপিত হবে, তখন সম্ভবত সেগুলোকে কমিটিতে পাঠানো হবে।

এরপর আবার কথা বলতে গিয়ে নাজিবুর রহমান বলেন, অধ্যাদেশ উত্থাপনের পর ৩০ দিনের একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পাস না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে। আজ যেহেতু অধ্যাদেশগুলো উত্থাপন করা হয়েছে এবং আগামী ১৮ নভেম্বর সংসদ অধিবেশন মুলতবি হলে যদি পরবর্তী অধিবেশন ৩০ দিনের মধ্যে শুরু না হয়, তবে অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে। এ কারণে উত্থাপনের দিনই কমিটিতে পাঠানো হলে পর্যাপ্ত যাচাই-বাছাইয়ের সময় পাওয়া যেত বলে তিনি মন্তব্য করেন।

পরবর্তীতে আবারও ফ্লোর নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘মাননীয় স্পিকার, সংসদের প্রসিডিংয়ে এগুলো রেকর্ড হবে। তখন মনে হবে যে আমরা সংসদ সদস্যরা আরেকটু মনে হয় হোমওয়ার্ক করে আসলে বেটার হয়।’

তিনি আরও বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা তার একান্তই বাধ্যবাধকতা। অধ্যাদেশগুলো নতুন করে বিল আকারে সংসদে আনা হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দুই-এক দিনের মধ্যে তা আবার উত্থাপন করবেন। এরপর নিয়ম অনুযায়ী বিলগুলো সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটি প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করার পর সেগুলো চূড়ান্ত আইনে রূপান্তরিত হবে।

মন্তব্য করুন