অর্থ আত্মসাৎ মামলা: সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের রায় ১৯ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বা ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা আলোচিত মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বর রায় ঘোষণা করা হবে।
বুধবার (১১ নভেম্বর) যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান রায়ের এই দিন ঠিক করে দেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন।
তিনি গণমাধ্যমকে বলেন, এই মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেছেন।
আদালতে বিচারাধীন এই মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমীলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ও আরামিট গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন।
