ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জগন্নাথে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার শিক্ষার্থী রেজওয়ান ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: 11 November 2026, 3:31 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার শিক্ষার্থী মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। রিমান্ড আবেদনে রেজওয়ানকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ নাজমুল আলম টুটুল আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আসামি রেজওয়ানের পক্ষে আইনজীবী গোলাম রাব্বানী ও শরিফুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করে।

পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে রেজওয়ান স্বীকার করে যে, এজাহারনামীয় অন্য আসামিসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জন মিলে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় উত্তেজিত জনতা রেজওয়ানকে মারধর করলে তাকে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রেজওয়ানসহ এজাহারনামীয় এবং অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. ইমরান হোসাইন মামলাটি দায়ের করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন। আসামি জামিন পেলে পলাতক হতে পারেন। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেল হাজতে রাখাসহ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন ছিল।

মন্তব্য করুন