অনলাইন ডেস্ক:
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ অভিনয়ের পাশাপাশি তার বিপজ্জনক স্টান্টের জন্যও পরিচিত। এবারের মিশন: ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজির ৮ম কিস্তি মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং এ তিনি আবারো এক চ্যালেঞ্জিং স্টান্টে নিজেকে ছাড়িয়ে গেছেন। ছবিটির টিজার-ট্রেলারে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার আকাশে ১০ হাজার ফুট উচ্চতায় তিনি একটি বাইপ্লেনের ডানায় ঝুলছেন। এই দৃশ্যটি সত্যিই একটি অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল তার জন্য।
এ ব্যাপারে অভিনেতা নিজেই একটি সাক্ষাৎকারে জানান, স্টান্টটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, যেখানে তাকে ঘন্টায় ১২০ মাইল বেগে বয়ে যাওয়া বাতাসের সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল। তিনি বলেন, “আপনি যখন এমন উচ্চতায় থাকবেন এবং ঘন্টায় ১২০ থেকে ১৩০ মাইল বেগে যান, তখন অক্সিজেন পাওয়া যায় না।” এই পরিস্থিতি মোকাবিলা করতে অভিনেতাকে বাড়তি প্রশিক্ষণ নিতে হয়েছিল।
টম ক্রুজ আরও জানান, “আমাকে শ^াস নিতে কীভাবে হবে, সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। একসময় আমি অবচেতন হয়ে পড়েছিলাম এবং ককপিটেও ফিরতে পারিনি।”
এ ছবিটি যে মিশন: ইম্পসিবল সিরিজের অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত হতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। আগের সিনেমাগুলির মতো এ সিনেমাতেও টম ক্রুজের স্টান্ট দর্শকদের চমকে দেবে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।











