পুলিশের বাধার সম্মুখীন হলেন এড শেরন

অনলাইন ডেস্ক:

ভারতে কনসার্ট করতে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন ব্রিটিশ পপতারকা এড শেরন। বেঙ্গালুরুতে গত শনিবার তার কনসার্ট অনুষ্ঠিত হলেও, পরবর্তী দিন রবিবার সকালে তিনি ফুটপাথে হঠাৎ গান গাইতে শুরু করেন। চার্চ স্ট্রিটে সাদা টি-শার্ট, হাফ প্যান্ট এবং গিটার হাতে মাইকে ‘শেপ অফ ইউ’ গানটি গাইছিলেন এড শেরন।

গান শুরু করতেই সেখানে অনেক ভক্ত ও অনুরাগী ভিড় করতে শুরু করেন এবং তারা তার সঙ্গে গলা মেলাতে থাকেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তার গান বন্ধ করে দেয়। পুলিশ মাইকের তার খুলে নেয় এবং তাকে গান গাইতে নিষেধ করে। তারপরও, খালি গলায় কিছু সময় গান গাইতে দেখা যায় এড শেরনকে।

এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, তা ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। একাংশ ভক্তের মতে, পুলিশ হয়তো এড শেরনকে চিনতে পারেননি, যার কারণে তারা বাধা দিয়েছে। অন্যদিকে, কিছু লোকের দাবি, রাস্তায় এমন অনুষ্ঠানের জন্য অনুমতির প্রয়োজন ছিল এবং পুলিশ তাদের কর্তব্য পালন করেছে। তবে বেশ কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তারা মন্তব্য করেছেন, “যেমন অজ্ঞ দেশ, তেমন অজ্ঞ পুলিশ।”

এড শেরন এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। উল্লেখ্য, গত বছর ভারতে এসে তার কনসার্টে বিপুল সাড়া পেয়েছিলেন। চলতি বছরেও তিনি ভারতে কনসার্ট করতে এসেছেন এবং বেঙ্গালুরু ছাড়াও শিলং ও দিল্লিতে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে।