অনলাইন ডেস্ক:
আইএলটি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ৪ উইকেটে ডেজার্ট ভাইপারসকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে দুবাই ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই দলের মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলেছে।
প্রথমে ব্যাটিং করতে নামা ডেজার্ট ভাইপারস শুরুতেই চাপে পড়ে। তাদের ওপেনার অ্যালেক্স হেলস এবং গুরবাজ দুজনেই ৫ রান করে আউট হয়ে যান। এরপর ম্যাক্স হোল্ডেন দলের হাল ধরেন এবং ৫১ বলে ৭৬ রান করেন। তার সঙ্গে অধিনায়ক স্যাম কারান ৩৩ বলে ৬২ রান করে দলকে ২০ ওভারে ১৮৯ রানের সংগ্রহ এনে দেন। ক্যাপিটালসের হয়ে ওবেদ ম্যাককয় দুটি উইকেট শিকার করেন।
রান তাড়ায় নেমে শুরুতেই বিপদে পড়ে দুবাই ক্যাপিটালস। ৩১ রানে ৩ উইকেট হারিয়ে তারা শঙ্কায় পড়ে। তবে ওপেনার শাই হোপ ৩৯ বলে ৪৩ রান করে দলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেন। এরপর রভম্যান পাওয়েল ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। স্ট্যাম্পিং আউট হওয়ার পর আম্পায়ারের নো বল ঘোষণা করলে পাওয়েল জীবন পেয়ে ৩৮ বলে ৬৩ রান করেন। শেষ দিকে দাসুন শানাকা ২১ (১০) এবং সিকান্দার রাজা ৩৪ (১২) দ্রুত রান তুলে দলকে জয় এনে দেন।
ডেজার্ট ভাইপারসের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ডেভিড পাইন এবং মোহাম্মদ আমির। ৪ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের লক্ষ্য তাড়া করে শিরোপা জয় করে দুবাই ক্যাপিটালস।











