রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় আসামি সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে চাঞ্চল্যকর এই মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।
গত সোমবার দুই আসামির দায়ের করা আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।
এদিকে মামলার কার্যক্রমে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছে বলে জানা যায়।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই নৃশংস ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচারকার্য শুরু হয়। এর পরদিনই মাত্র একদিনে মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হয়। এরপর গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পাশাপাশি মামলার রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের দেওয়া এই মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য পরবর্তীতে ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। পাশাপাশি বিচারিক আদালতের দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
