যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির
নিজস্ব প্রতিবেদক:
জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠনের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে অবিলম্বে গ্রেফতারের দাবি উঠেছে জাতীয় সংসদে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান এই অভিযোগ উত্থাপন করেন এবং যুবদল নেতা নয়ন ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নাজিবুর রহমান বিস্তারিত তুলে ধরে বলেন, সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর অত্যন্ত ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তাঁর গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করেন। তিনি বারবার নিজের পরিচয় দিয়ে জানান যে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য, তবুও তাঁকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে নির্মম মারধর করা হয়েছে এবং রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এছাড়া আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সম্মানিত সদস্যও এখানে উপস্থিত রয়েছেন। এই বিষয়ে আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি স্পষ্ট বিবৃতি আশা করছিলাম, একইসঙ্গে আইনমন্ত্রীর একটি বিবৃতিও প্রত্যাশা করছিলাম।
নাজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সবসময় জোরালোভাবে মবের বিরুদ্ধে কথা বলে থাকি এবং আশা করেছিলাম যে ব্যক্তি এই ঘটনার জন্য সরাসরি দায়ী, তাঁকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু তার কিছুই এখনো পর্যন্ত হয়নি। মূলত এই কারণেই বিষয়টি আজ জাতীয় সংসদে তুললাম এবং এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুনির্দিষ্ট ভূমিকা ও জোরালো বিবৃতি প্রত্যাশা করছি।
