মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে উৎসর্গ করার ঘোষণা রজনীকান্তের
অনলাইন ডেস্ক:
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত এক অভাবনীয় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অভিনেতা ঘোষণা করেছেন, তার মৃত্যুর পর পরিবারের কেউ তার বিপুল সম্পত্তির কোনো অংশ পাবেন না। ৫০০ কোটি টাকার মালিক এই অভিনেতা তার সমস্ত সম্পত্তি তামিলনাড়ুর জনগণের কল্যাণে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করছেন রজনীকান্ত। সাধারণ বাস কন্ডাক্টরের জীবন থেকে উঠে এসে আজ তিনি তামিলভূমের মানুষের কাছে ‘আন্না’ হিসেবে পরিচিত। তবে নিজের অর্জিত বিপুল সম্পদ পরিবারের হাতে না দিয়ে জনগণের জন্য উৎসর্গ করার এই ঘোষণা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
কেন পরিবারকে বাদ দিয়ে তামিল জনগণের জন্য নিজের সম্পত্তি উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন রজনীকান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উঠে আসে চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত তার বিখ্যাত ‘রাঘবেন্দ্র মণ্ডপম’-এর কথা। সোয়া এক একর জমির ওপর নির্মিত এই ভবনটির সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি ও ইতিহাস।
১৯৮৯ সালে নির্মিত এই ভবনটি ২০১৫ সালে চেন্নাইয়ের ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন রজনীকান্ত। অতীতে ভক্তদের সঙ্গে গুরুত্বপূর্ণ সব বৈঠকও এখানেই অনুষ্ঠিত হয়েছে। একসময় এই ভবন ভেঙে তিনতারা হোটেল তৈরির পরিকল্পনা থাকলেও, আজও তা স্বমহিমায় দাঁড়িয়ে আছে। রজনীকান্তের উইলে এই ভবনটিকে তামিলের জনগণের জন্য উৎসর্গ করার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার এক পয়সাও পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’
তামিল জনগণের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে রজনীকান্ত আরও বলেন, ‘টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন, এখানকার মানুষ সবসময়েই আমার সিনেমা দেখার জন্য টিকিট কেটেছে।’
