ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

প্রকাশিত: 18 November 2026, 12:15 am
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায়।

নিহত রাজু মোল্লা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এর আগে মহাসড়কে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর থেকে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় ১০ কিলোমিটার এলাক জুড়ে যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়টিও ভাঙচুর চালায় হামলাকারীরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম জানান, রাজু মোল্লা নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পাই যে তিনি আগেই মারা গেছেন।

নিহত রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজা রাজু মোল্লাকে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে নির্মমভাবে মেরে ফেলেছে। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

এদিকে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে হত্যা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা এই হামলায় জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

অন্যদিকে, কৃষক দল নেতা রাজু মোল্লা নিহতের মর্মান্তিক এই ঘটনার পর ভাঙ্গা উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে এসে অবস্থান নেন। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন