ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা: পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

প্রকাশিত: 18 November 2026, 1:37 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নির্দেশনায় কাজ করা আসিফ মার্চেন্ট নামের এক পাকিস্তানি নাগরিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে হত্যার পরিকল্পনা করেছিলেন, যা পরে মার্কিন কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে যায়।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সরকারের সঙ্গে আসিফের গভীর সংশ্লিষ্টতা রয়েছে। চলতি বছরের মার্চে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা এবং অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করা হয়।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কের ফেডারেল আদালতের বিচারক এরিক রস কোমিটি এই মামলায় তাকে ৩৩০ মাস অর্থাৎ ২৭ বছর ছয় মাসের দীর্ঘ কারাদণ্ড প্রদান করেন।

আদালতে নিজের জবানবন্দিতে আসিফ দাবি করেন যে, আইআরজিসির সরাসরি নির্দেশেই তিনি এই বিশাল ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। ২০২০ সালে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার বদলা নিতেই মূলত এই পরিকল্পনা সাজানো হয়েছিল।

মার্কিন কৌঁসুলিদের ভাষ্যমতে, প্রথমে ধর্মীয় তীর্থযাত্রার বাহানায় ইরান সফর শুরু করেছিলেন আসিফ। পরবর্তীতে সেখানে আইআরজিসির এক কর্মকর্তার সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি মোট ১৫ বার ইরান সফর করেন। এসব সফরে তিনি ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও লাভ করেন।

পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত লক্ষ্য নিয়ে ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন মার্চেন্ট। সেখানে হত্যার জন্য পেশাদার লোক ভাড়া করার উদ্দেশ্যে তিনি এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের অগ্রিম বাবদ ৫ হাজার ডলারও প্রদান করেন। তবে তিনি যে হত্যাকারীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তারা মূলত এফবিআইয়েরই গোপন এজেন্ট ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করার প্রস্তুতি নেওয়ার সময় টেক্সাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতে দেওয়া বক্তব্যে আসিফ আরও দাবি করেন যে, ইরানে অবস্থানরত তার পরিবারের সদস্যদের পরিচয় ও বর্তমান অবস্থান ফাঁসের হুমকি দিয়ে আইআরজিসির সেই কর্মকর্তা তাকে চরম চাপে রেখেছিলেন। যে কারণে তিনি বাধ্য হয়েই এই ষড়যন্ত্রে অংশ নেন। কাউকে হত্যার আগেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হবেন বলে আশা করেছিলেন এবং পরবর্তীতে মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা করে গ্রিন কার্ড পাওয়ার পরিকল্পনা ছিল তার।

মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এ প্রসঙ্গে কঠোর বার্তা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যেকোনো ধরনের বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই গুরুতর ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে উপযুক্ত জবাবদিহি নিশ্চিত করতে বিচার বিভাগ সবসময় তৎপর রয়েছে এবং কাজ চালিয়ে যাবে।

মন্তব্য করুন