ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নেতানিয়াহুকে বড় ধাক্কা দিয়ে ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার হলেন বিরোধী জোটের কাহানা

প্রকাশিত: 18 November 2026, 1:53 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী মাতান কাহানা জয়ী হয়েছেন। মঙ্গলবারের এই জয়ের ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর পথে বিরোধীরা আরো এক ধাপ এগিয়েছে।

বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট মাতান কাহানাকে স্পিকার পদে মনোনয়ন দেন। তার জয়ে সমর্থন দেয় দুটি আরব রাজনৈতিক দল, জয়েন্ট লিস্ট ও রা’আম। দল দুটি নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী মিত্র ইতামার বেন গভির ও বেজালেল স্মোত্রিখের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটাভুটিতে কাহানা ৬৬টি ভোট পান। অন্যদিকে নেতানিয়াহুর মনোনীত প্রার্থী ওফির কাটজ পান ৫২টি ভোট।

জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন বলেন, নির্বাচনি এলাকার মানুষের জন্য পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা এবং সেই লক্ষ্যেই কাজ করছেন। তিনি আরো বলেন, নেতানিয়াহু, বেন গভির ও স্মোত্রিখের সরকারকে সরিয়ে দিতে চাওয়া দেশের নাগরিকদের পাশে থাকবেন তারা।

আরেকটি আরব রাজনৈতিক দল রা’আমও মাতান কাহানাকে সমর্থন দিয়েছে। কাহানা নেতানিয়াহুর দল লিকুদের প্রার্থী ওফির কাটজকে পরাজিত করেন। রা’আম বলেছে, তারা নেসেটে রাষ্ট্রীয় মর্যাদা ফিরিয়ে আনতে কাজ করবে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকারের পদটি বেশ গুরুত্বপূর্ণ। তিনি পার্লামেন্টের অধিবেশনের সময়সূচি নির্ধারণ করেন। ফলে কোনো প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা ও ভোটাভুটি দ্রুত করা বা পিছিয়ে দেওয়ার ক্ষমতাও তার রয়েছে।

বুধবার থেকে কাহানা নেতানিয়াহু সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও পরিকল্পনা পরিবর্তনের উদ্যোগ নিতে পারেন। নতুন পার্লামেন্টের অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে নেওয়া নেতানিয়াহু সরকারের বিতর্কিত সংস্কারগুলো বাতিল করা।

উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার চলছে। ২০২২ সালের ডিসেম্বরে ক্ষমতায় ফেরার পর তিনি বিচার বিভাগে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেন। এসব সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় বিক্ষোভ শুরু হয়েছিল।

মন্তব্য করুন