প্রযুক্তিবিশ্বে আধিপত্যের লড়াই: মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও চীন
অনলাইন ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার স্নায়ুযুদ্ধ দিন দিন তীব্রতর হচ্ছে। অত্যাধুনিক চিপের ব্যবহার, প্রযুক্তি রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা এবং গোপনে চিপ সংগ্রহের চেষ্টার মতো ঘটনাপ্রবাহ দুই পরাশক্তির মধ্যকার কৌশলগত লড়াইকে আরও জটিল করে তুলেছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠকে এআই ইস্যুটি গুরুত্ব পেলেও প্রযুক্তিগত আধিপত্য বিস্তারের এই প্রতিযোগিতা সহসা থামার কোনো লক্ষণ নেই।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ওয়াশিংটন এআই সংক্রান্ত বিষয়ে চীনের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সংলাপ এগিয়ে নিতে আগ্রহী। তবে তিনি একই সঙ্গে সতর্ক করে বলেছেন, দুই দেশের মধ্যকার মতপার্থক্য নিয়ে কোনো পক্ষ যেন বিভ্রান্ত না হয়; কারণ এআই প্রতিযোগিতার ময়দানে তারা এখনো একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী।
লোয়ি ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, কম্পিউটিং সক্ষমতা ও উন্নত প্রযুক্তির ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ থাকায় এআই মডেলের দৌড়ে যুক্তরাষ্ট্র এখনো বেশ এগিয়ে রয়েছে। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে বেইজিংয়ের কাছে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ সীমিত করার কৌশল নিয়েছে ওয়াশিংটন।
তবে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিকল্প পথে উন্নত চিপ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং। এ ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ট্রানজিট হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে।
২০২৬ সালের মার্চে মার্কিন প্রসিকিউটররা সার্ভার নির্মাতা প্রতিষ্ঠান সুপার মাইক্রোর এক সহপ্রতিষ্ঠাতার বিরুদ্ধে এনভিডিয়ার চিপযুক্ত সার্ভার চীনে পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনেন। তাদের দাবি, এই প্রক্রিয়ায় প্রায় ২৫০ কোটি ডলারের এআই প্রযুক্তি চীনে পাচার করা হয়েছে। এছাড়া অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ২০ লাখ ডলার মূল্যের এআই চিপযুক্ত সার্ভার জব্দ করে দেশটির শুল্ক কর্তৃপক্ষ।
চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশের ডেটা সেন্টার ব্যবহারের মাধ্যমে নিজেদের কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠান এনভিডিয়ার চিপ ব্যবহার করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন ডেটা সেন্টারে কার্যক্রম চালিয়েছে, যা পরোক্ষভাবে চীনের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে বলে ধারণা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রযুক্তি পাচারের পথ রুদ্ধ করতে মার্কিন কংগ্রেস আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতিনিধি পরিষদে ‘রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট’ পাস হয়েছে, যেখানে ক্লাউডের মাধ্যমে নিষিদ্ধ চিপ ব্যবহারের ক্ষেত্রেও রপ্তানি নিয়ন্ত্রণ সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে। তবে সিনেটে বিলটি এখনো ভোটের অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে মরিয়া হয়ে উঠেছে চীনা প্রতিষ্ঠানগুলো। উন্নত চিপ তৈরির লিথোগ্রাফি যন্ত্রপাতি সরবরাহে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান এএসএমএল-এর ওপর সীমাবদ্ধতা আরোপ করতে ওয়াশিংটন চাপ দিলেও, চীন থেমে নেই। গত মে মাসে হুয়াওয়ে ট্রানজিস্টর ছোট না করেই চিপে সেগুলোর ঘনত্ব বাড়ানোর নতুন নকশা প্রকাশ করেছে। ২০৩১ সালের মধ্যে এই প্রযুক্তির মাধ্যমে তাইওয়ানের টিএসএমসির ২০২৮ সালের চিপের সমপর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
এদিকে চিপ নির্মাতাদের সংগঠন ‘সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন’ প্রস্তাবিত ‘চিপ সিকিউরিটি অ্যাক্ট’-এর বিরোধিতা করেছে। তাদের মতে, চিপের অবস্থান শনাক্তে বিশেষ ব্যবস্থা বাধ্যতামূলক করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা এখনো প্রযুক্তিগতভাবে পরীক্ষিত নয়।
বিশ্লেষকদের মতে, কেবল রপ্তানি নিষেধাজ্ঞা দিয়ে চীনের অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। বেইজিং প্রযুক্তি উদ্ভাবন ও তৃতীয় দেশের মাধ্যমে চিপ সংগ্রহের বিকল্প পথ খুঁজে নিচ্ছে। ফলে এপেক সম্মেলনে দুই নেতার আলোচনা যা-ই হোক না কেন, এআই আধিপত্যের লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সতর্ক অবস্থানে থাকতে হবে।
