ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

প্রকাশিত: 19 November 2026, 1:34 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু। তিনি বলেন, সকালে বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপির বাড়িতে এসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও আগুন ধরিয়ে দেয়।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীম গণমাধ্যমে জানিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে বাসার সামনে জড়ো হন। তারা প্রথমে স্লোগান দেন, এরপর ভাঙচুর শুরু করেন।

শেষে পেট্রল ও অকটেন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানান তিনি। আগুন দেওয়ার আগে বাড়িতে থাকা সংসদ সদস্যের স্বজনরা বের হয়ে যান বলে জানান আম্মার মিয়া অসীম।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

এর আগে গত রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারও আগে গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন