৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই তথ্য জানান।

এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে এনআইডি তথ্য ফাঁস করেছে। এই প্রতিষ্ঠানগুলো হলো- স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

এ বিষয়ে ইসি জানিয়েছে, এসব প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে এবং তাদের অসতর্কতা বা ইচ্ছাকৃতভাবে তথ্য ফাঁসের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তথ্য ফাঁস করে থাকে, তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

তিনি আরো বলেন, ইসি থেকে বর্তমানে ১৮২টি প্রতিষ্ঠান এনআইডি তথ্য যাচাই সেবা নিচ্ছে। তবে ডেটা ব্যবহারে সীমাবদ্ধতা থাকা উচিত এবং প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অনেক প্রতিষ্ঠান চুক্তির শর্ত ভঙ্গ করে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নিচ্ছে, যা পর্যবেক্ষণ করা হবে।

এই বিষয়ে তিনদিনব্যাপী একটি মতবিনিময় সভা চলছে, যেখানে ১৮২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।