ওড়িশা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় ‘আকভান’, তিন ঘণ্টা ধরে চলবে তাণ্ডব
অনলাইন ডেস্ক:
ভারতের ওড়িশা উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঝড়ের স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে, যা সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য তাণ্ডব ও ক্ষয়ক্ষতি এড়াতে ওড়িশার উপকূলীয় অঞ্চল থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য মাঠে নামানো হয়েছে ৪২৩টি দল। এছাড়া প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট।
এর আগে শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়টি তার তীব্রতা হারিয়ে শক্তিশালী থেকে ‘সাধারণ ঘূর্ণিঝড়ে’ রূপ নেয়। এটি বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এ সময় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত বয়ে যেতে পারে।
স্থলভাগে পুরোপুরি আছড়ে পড়ার এক ঘণ্টারও কম সময় আগে দেওয়া এক পূর্বাভাসে আইএমডি জানায়, স্যাটেলাইট চিত্রে ঘূর্ণিঝড়টির বাইরের বৃষ্টিবলয় স্থলভাগের সংস্পর্শে আসার দৃশ্য স্পষ্ট দেখা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ও দিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এর আগে এর গতিপথ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার ইঙ্গিত দিলেও পরবর্তীতে পরিবর্তিত হয়ে তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসে।
