সোনার দামে বড় পতন, ভরিতে কমল ১০ হাজার ৯৫৪ টাকা
অনলাইন ডেস্ক:
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম সমন্বয় করেছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাবেই দেশের বাজারে দাম কমছে।
নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১০ হাজার ৪৩৯ টাকা কমে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১০ হাজার ৯৮২ টাকা কমে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬ হাজার ২৯৮ টাকা কমে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সব দামই ভ্যাটসহ।
এ নিয়ে টানা আট দফায় সোনার দাম কমানো হলো। আট দফায় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম কমেছে মোট ২৮ হাজার ৫০৮ টাকা। এর আগে গতকাল বৃহস্পতিবারও ২২ ক্যারেটের ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
